কবিতাঃ সিদ্ধার্থ সিংহর দুটি কবিতা

সিদ্ধার্থ সিংহর দুটি কবিতা

বর্ষাদিন

আমাকে দেখলে ও ভাবে মুখ ফিরিয়ে নাও কেন?

আকাশে রামধনু উঠলে সবাই হাঁ করে তাকিয়ে থাকে
রামধনু কাউকে বলে না—
তাকিয়ে আছ কেন গো?
পুকুরে থোকা-থোকা কচুরিপানা ফুটলে
তার ছটা সকলের নজর কাড়ে
কেউ কেউ পা ডুবিয়ে জল থেকে তুলে আনে একটা-দুটো,
কাউকে অপছন্দ হলেও
একটু তফাতে সরে গিয়ে কখনও কচুরিপানা বলে না—
আমাকে একদম ছোঁবে না।
ঝলসে যাওয়া পৃথিবীতে যখন ঝিরঝির করে বর্ষা নামে
সবাই ঘর থেকে বেরিয়ে পড়ে
বর্ষা কাউকে বিমুখ করে না।

তুমি স্কুলবাসে যাও, আসো
মাঝে মাঝেই দাঁড়াও ঝুল-বারান্দায়
আমাকে দেখলে ও ভাবে মুখ ফিরিয়ে নাও কেন?

পলক

গতকাল তাজবেঙ্গলের কফি শপে চল্লিশ মিনিট
মুখোমুখি বসেছিলাম
একবারও চোখের পলক ফেলিনি
ফেললেই, সেই মুহূর্তটা অন্ধকার হয়ে যেত
আপনাকে মিস করতাম!

একটাও ছবি তুলতে দেননি আপনি
যদি তুলে ফেলি!
আপনি আগলে রেখেছিলেন ক্যামেরাটা
ওটা দিয়ে মাঝে মাঝেই তুলছিলেন আমার ছবি
টেরও পাননি, আপনি উঠতেই
তোয়ালে দিয়ে মুড়িয়ে নিয়েছিলাম ক্যামেরাটা
ওটায় আর কাউকে হাত দিতে দিইনি
দেবও না কোনও দিন
স্পর্শ করব না আমিও
ওটায় আপনার আঙুলের ছোঁয়া আছে!

গতকাল তাজবেঙ্গলের কফি শপে
চল্লিশ মিনিট
চল্লিশ মিনিটই বরাদ্দ করেছিলেন আমার জন্য
আমি কি চোখের পলক ফেলে
এক মুহূর্তও নষ্ট করতে পারি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *