কবিতাঃ মিডনাইট ইন প্যারিস – দীপঙ্কর মুখোপাধ্যায় (কলকাতা)

মিডনাইট ইন প্যারিস / দীপঙ্কর মুখোপাধ্যায়

সারাগায়ে চটচটে ঘাম নিয়ে রাস্তা পেরোই
রাসবিহারী অ্যাভেন্যূ পেরিয়ে যাই, সন্ধে জ্বলে-নেভে
ওইদিকে রূপকের বাড়ি, তিন বোনের চায়ের দোকান
পরের ক্রশিং পেরোলেই হেঁটে আসবেন তুষার চৌধুরী
বলবেন, ট্যাক্সি ডাক, অলিপাব যাব।
কিন্তু, এখন আমি একা। কোথাও যাওয়ার নেই বলে এদিক-সেদিক ঘুরি
মোবাইলে নম্বর টিপে দেখি, ছেলেটা কোথায় আছে, নিরাপদ কিনা
একদিন এপথেই সোজা চলে গিয়েছি নরকে
সারাগায়ে চটচটে ঘাম নিয়ে সুরমাকে লণ্ডভণ্ড করে
দেখি, টলমল পায়ে কোনও পঞ্চাশের কবি
বলছেন, জানো, কিস্যু জানো না, এখানেই সুইসাইড করেছিলেন জীবনানন্দ
তুমি কে হে খোকা? কত সাল, তারিখ, সময়…তখন মধ্যরাত
আমি রাস্তা পেরোই তাড়াতাড়ি…ঘড়িতে রাত নটা।

সারাগায়ে চটচটে ঘাম নিয়ে কলকাতার রাস্তা পেরোলেই
মিডনাইট ইন প্যারিস
সারা গায়ে চটচটে ঘাম নিয়ে ক্রশিং পেরোলে
এশহর কবিতা হয়ে যায়
এবার ঝড়জল থেকে বাঁচতে চেনা গাছের তলায় গিয়ে দাঁড়ালাম
দেখি, গাছটা অতীত হয়ে গেছে সেই কবে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *