অপেক্ষার বাসস্টপ
মধুপর্ণা বসু
তোমাকে অপেক্ষা বলে জেনেছি চিরকাল,
মিঠে রোদ অথবা ফিকে হয়ে যাওয়া বিকেল-
এ রাস্তায় এখন ট্রামলাইন অতীত নিয়ে গেছে
শুধু ব্যস্ততার অনর্থক পাকেচক্রে আমি ভেবেছি
একটা কাঙ্ক্ষিত ঋজু অবয়বে অপেক্ষার শেষ।
ভোরের কলেজে কদাচিৎ গুমটি থেকে ট্রাম
বাসস্টপ ভাসিয়ে যেতো বুকের সুড়ঙ্গ খুঁড়ে;
আজ এতো নৈরাজ্যের মধ্যদিনে কী অদ্ভুত!
সব বার্তালাপ শ্রুতিকে অবজ্ঞায় দূরে সরিয়ে
বেহাল করে দিলে আমার এতো যুগের ঘড়ি,
সময় হারিয়ে গেছে ঠিকানা না রেখে, নির্মম
ফাঁকা বাসস্টপ চিরকুট রেখেছে মিথ্যের-
পেট্রোল পোড়া ধোঁয়া পাক খেয়ে বলে দেয়
কেউ না, কেউ কখনো ছিলনা, আসেইনি
ফাগুনের অছিলায় অপেক্ষার বাসস্টপে।

