শৈশব
রূপক চট্টোপাধ্যায়
আহত অক্ষর নামে,
ডানা ভাঙা পাখিদের মতো, এই মৃত্যু চরে!
শব্দহীন পতাকায় ওড়ে জোনাকিদের জনন রেণু,
রাতের গর্ভে জন্মহয় অষ্টম সন্তান,
ক্ষয়িষ্ণু জরায়ুতে চোখ মেলে বোবা শহরতলী!
খোলা জানালার কাছে নদী মুখ জেগে ওঠে
বুনো ঝোপে ঢাকা ঠোঁট থেকে খসে পড়া বাঁশি
শোক থেকে ফিরে আসা সাইকেল, নাভি থেকে উঠে আসা খুধাপদ্ম।
জেগে থাকো। জেগে থাকো
ততোধিক আশায়..
এই বাজার জাত সম্পর্ক খুইয়ে
একদিন ঠিক নদীর চরে ভোর হবে,
মায়ের স্তনের মতো মেঘের নীচে আবার শৈশব
খেলে বেড়াবে হিরন্ময় ধানের মাথায় মাথায়!

