নগ্ন নির্জন কাব্য
গোলাম রববানী
০১.
পথকে থামাতে চাও, কখনও কী থামে পথ
পথিক এসে পথিক ফেরে; পদচিহ্ন রেখে।
০২.
যখন কেউ বিপদে পড়ে, সমাজ তখন পুঁজি করে
ভাগাড়ে পড়ে থাকা মড়া ভেবে-ই মনানন্দে
সমাজ নামক শকুনির দলে গাবা ধরে
লেজকাটা শিয়ালের মতো বসে কী যেন সন্ধি করে!
০৩.
মাতৃগর্ভ-ই মাটির মানুষের ধ্রুব রণক্ষেত্র:
তবে কিসের কারণে পৃথিবীর বুকে
লড়াই সংগ্রাম এত?
০৪.
প্রাণের পৃথিবীতে অনেক কিছু চাওয়ার অধিকার আছে; শুধু শুধু সুখ-শান্তি চাওয়া হয়তো
অনধিকার চর্চার মধ্যে পড়ে বটে…
০৫.
অস্থির অশান্ত তোলপাড় বয়ে চলা এই পৃথিবী
কবে কখন থেকে হঠাৎ জানি থমকে গেছে
পৃথিবীর পরানের সোয়ামি পতিহীনা
সে যে চলে গেছে ধরে বহমান অশ্রুনীরের ঠিকানা
কার্য-কারণের বুকে
ভর দিয়ে চলে গেছে নক্ষত্রের বনে…
০৬.
মস্তিষ্কের ওজন আর কত গ্রাম-ই বা হবে?
হোক না হয় তিন-চারশো গ্রাম;
তবু জ্যোতিষ্কমণ্ডলসম ওজন বয়ে চলে- সে কে?
০৭.
পথ বন্ধ হলে তো চলার পথও অন্ধ হয়ে যায়,
হে পথের নির্দেশক তুমি কী আজ এত-ই অসহায়?…

