উন্মাদ
কৌস্তভ বন্দ্যোপাধ্যায়
উন্মাদেরা রাজপথ দিয়ে চলে।
উন্মাদেরা জানেনা কোন ধর্ম বা রাজনীতির সর্পিল পথ,
তারা হেঁটে চলে সোজাপথ দিয়ে।
কখনো বা আপনমনে তারা কিছু বলে।।
উন্মাদেরা নির্ভীক, পরোয়া করেনা কারো,
যা কিছু চায় সোজাসুজি চায়।
মিথ্যার মোড়কে সত্যকে ঢাকতে শেখেনি তারা;
ভুল হোক, ঠিক হোক – যা বলে মন থেকে বলে।।
উন্মাদের লোভ নেই মনে, শুধু পেটে আছে খিদে।
সভ্য নাগরিকের কাছে তাই হাত দেয় পেতে।
কখনো জোটেনা, কখনো বা জোটে;
তবু সে ভোটের লাইনে নেই মোটে।
রাতে ফ্লাইওভারের নীচে তার ক্লান্ত শরীর পড়ে ঢলে।
আবার সকাল হয়, জেগে ওঠে শহর,
অলিতে গলিতে বাড়ে ভিড়।
তবু উন্মাদেরা রাজপথ দিয়ে চলে।।

