তুমি
মীনা দে
তুমিই কী সেই! সেই কী তুমিই!তবে!
দেখেছিলাম সেই যে বিকেল বেলায়
সেদিন ফাগুন মাসে বসন্ত উৎসবে
নানা রংয়ের হাসি খুশির মেলায়।
বলতে পারো! ভুললে কবে থেকে,
ডাক দাওনি সুখ কুড়োনোর কালে
ভাবনা ঘরের চাবি তুলে রেখে
ভুল করেছি হয়তো কোনো চালে।
তোমার কথা ঘুরছে মুখে মুখে
মনটা আমার গুমরে মরে ব্যথায়
কম পড়ছে আমার মাপা সুখে
বুঝবে তুমি, তোমার হৃদয় কোথায় !
তবু কিছু কথা পাঠাই যদি খামে
পড়বে খুলে সময় কী আর আছে
পেয়েছি যা অনেক বেশি দামে
মূল্য তার আছে?তোমার কাছে !

