কবিতাঃ প্রেত সহবাস- অনিরুদ্ধ সুব্রত

প্রেত সহবাস 

অনিরুদ্ধ সুব্রত


গত শতকের সুরকি-গাঁথুনি বাড়ি

ছ্যাদলায় বাইরে বাইরে তার সবুজ ভাবের নেশা

ভিতরে নেমেছে পেতল রঙের সিঁড়ি, দরজা

ভাঙা চিলেকোঠা থেকে

সন্ধ্যের বাতাস সেই সুড়িপথ ধরে নামে

দোতলার খোলা ঘরে বসে ইজি চেয়ারে লোকটা
প্রাচীন ফরাসপাতা মেঝের উপর কতকালের হারমোনিয়াম

একটা ছোট্ট লেখার টেবিল হাতের কাছে থাকে

তার উপরে শুকনো দোয়াত,পাশে খসখসে এক হলদে কাগজ

 লোকটা দোল খায় সিঁড়ির দিকে মুখ করে
দেয়ালের ফাটল অদৃশ্য হওয়া রাত ভাঙা খড়খড়ি দিয়ে

ঢুকে, জাঁকিয়ে বসে মহল 

প্রাণ পায় হারমোনিয়াম,বেজে ওঠে ঠুংরি গজল

পূর্ণ হয়ে যায় ধূসর দোয়াত গাঢ় কলিতে,ফরফর করে দুধ কাগজ

সিঁড়ি বেয়ে নেমে আসে দীর্ঘাঙ্গী, খোপায় তার পালক-কলম
 কারুকাজ মোমদানীতে মোম জ্বেলে সে রাখে টেবিলে

জাদুশক্তির বশে লোকটা ধীরে লিখতে শুরু করে

আর তখনই নৃত্য গীত আরম্ভ হয় মধ্য-যামিনী-জীবনে ।                                                                         

 

3 thoughts on “কবিতাঃ প্রেত সহবাস- অনিরুদ্ধ সুব্রত

Leave a Reply to Krittika Bhaumik Cancel reply

Your email address will not be published. Required fields are marked *