তুমি নগ্ন হলে
দীপঙ্কর মুখোপাধ্যায়
কোনও এক বিহ্বল রাতে প্রবল আকাঙ্খা হয়ে পার্ক স্ট্রিট পেরিয়ে যাবে তীব্র পারফিউম৷ আকাশে তখন গরম পিজার মতো চাঁদ উঠবে।
চিলেকোঠার ঘরে, গল্পের ক্লাইম্যাক্সে পৌঁছে যাওয়ার আগে, গেলাসে আঙুরের রস ঢেলে নেবেন নিবিষ্ট মাইকেল৷ বাইপাসের দিকের খোলা জানলা দিয়ে ভেসে আসবে অষ্টাদশ শতাব্দীর মেহেফিলের গুঞ্জন৷ একটা ঘোড়ায় টানা ট্রাম, সমস্ত প্রেক্ষিত তছনছ করে, গোলদিঘির দিকে ছুটে যাবে৷ সময় মাজাকি করবে৷ ফিচেল হারামি হাওয়া কবেকার নষ্ট প্রেম বিনির্মাণে গড়ে তুলবে ফের৷
জুঁইফুল, তুমি নগ্ন হলে কলম উগরে দেবে লাভা৷ বিগত সময়ের উপসংহার, কিংবা কোনও গভীর গোপন চিয়ার্স, উথলে ওঠা দীর্ঘশ্বাস সাবলীল উড়ে যাবে মেসোপটেমিয়া…

