কবিতাঃ সাধন চৌধুরীর দুটি কবিতা

এখন সাধ্যমত বর্ম পরে নাও
কঠিন গদ্যের সৈনিক সাজ

এখন স্পষ্ট হল ভাষা—অনবধানে
শুশ্রূষার গিয়েছে সময়

এখন প্রবাদ হল—বুড়ি ছুঁয়ে
হরবোলা পাখিদের ডাক

বসন্তের হরকরা খুন হল প্রাতে
ধুয়ো তুলে খঞ্জনি বাজায় নিন্দুকে—

যতক্ষণ মনে মনে নিহিত জল্পনা
বাসনা নিষিদ্ধ নয় কর্পূর বাসিত

উপত্যকা জুড়ে সে এমনি অগাধ
ছুঁয়ে এসো উরুসন্ধি নাভিদেশ শ্রোণি
আসঙ্গলিপ্সু নও বাতাস তুমিই

আঙুলে জড়ানো স্বেদ ওটুকু বিভ্রম
একলা’র ফাল্গুনী রাত, মনে মনে
ধর্ষকাম পৌর্ণমাসী চাঁদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *