তুমি, বিমুগ্ধ চাইলেই
মঞ্জিরা ঘোষ
তুমি অপলকে চাইলেই, মুহুর্তে এক গুচ্ছ ফুল হয়ে ফুটি।
ঘন তমিস্রার আঁধার ভেঙে প্রথম বিহানে
বেজে ওঠে, আহির ভৈরব–
আমাদের একান্ত ব্যক্তিগত আলোয় ডানা ভিজিয়ে উড়ে যায়, পাখ পাখালি,
আমাদের মধ্যবর্তী শর্ত নিরপেক্ষ বাতাসে কত প্রশান্তিতে, প্রশ্বাস নিই ও নিঃশ্বাস ছাড়ি–
আমাদের একান্নবর্তী সায়রে ভাসিয়ে দিই আমার মান্দাস–
জলতলের আরোহ আর অবরাহোর তরঙ্গে ভাসতে ভাসতে
কোন পাড়ে গিয়ে স্পর্শ করবে তোমার প্রসাদ।
সঞ্জীবনী সুধার স্পর্শে মৃতপ্রায় ঝুরু ঝুরু শব্দ শরীরে
জেগে উঠবে প্রাণের স্পন্দন!
তুমি বিমুগ্ধ চাইলেই,
সৌর কক্ষের এক প্রহরের আবর্তনে, অষ্ট প্রহরের ভাবনা সংযোজিত হয়, অক্লেশে!

