সূত্রধর
শর্মিলা ঘোষ
যে চিঠি পৌঁছায়নি ডাকঘর
সেই অক্ষরের কথা মনে রেখে
এলোমেলো সকাল সন্ধ্যে ফোটে ভাতের চাল
কালবৈশাখীর ঝড়ের থেকেও বেশি বেগে চলে হৃদস্পন্দন,
সেই চিঠি যা শুষ্ক বালির বুকে সুখ প্রপাতের আঁচড় কাটে,
এলোমেলো হয়ে যাওয়া সময়ের সাক্ষ্য দিতে দিতে বোহেমিয়ান জীবনের গল্প বলে যায়,
অস্পষ্ট সীমারেখা জুড়ে কাঁটা তারের ভার বহন করে,আসলে সব চিঠিই একধরনের ব্যাথা বোনার মাধ্যম যার শুরু ও শেষ জলভরা গদ্যের মতো ভিজে,
চোখের জলের উৎস খোঁজা সেই চিঠি আকাশের দিকে ছুঁড়ে তারাদের মাঝে
স্বপ্নযাপন প্রোথিত করে, জীবাশ্ম হয়ে যাওয়া সব চিঠি আসলে পোস্ট অফিসের সূত্রধর, প্রেমিকের আক্ষেপ, অবদমিত জীবন তৃষ্ণা,
মহা পৃথিবীর বুকে মেকাপ বক্সের গোপন সেই চিঠি হৃদয় সুর রঙ গন্ধ বর্ণের পাঁচমিশালি অপেক্ষা…….

