রিসাইক্লিং
মলয় চৌধুরী
ফেলে দিতে হবে সব
কখনো কাজে লাগবে ভেবে
জমে থাকা যত হাবিজাবি ,
নয়তো বানাতে হবে নতুন ধরণে সুখ আহ্লাদ ।
ভাঙা পট থেকে বিচিত্র দর্শন টব
কাঁচের টুকরোর ক্যালিডোস্কোপ
ছেঁড়া কাপড়ের মঞ্চ সজ্জা ।
রিসাইক্লিং যাপনে বয়সের টিটকিরি ,
ভাঙা খেলনা নিয়ে ভোলাবে কত দিন –
এ প্রশ্ন আয়না করে, স্নানঘর করে ।
স্হান বদল করে আলো হাওয়া সুস্বাদু রাখি ,
পুরনো গল্পগুলো এদিক ওদিক করে
চালিয়ে দেওয়ার চেষ্টা-
এ জীবন কি দধীচি হতে পারে না ?

