মাতৃরূপ
মারইয়াম মনিকা
তোমার শীতল চোখে চোখ রেখেছিলাম বলেই
দৃষ্টিজুড়ে ফুটেছিলো কারুকার্যময় পৃথিবী,
হলুদ শাড়ীর গেরুয়া আঁচলে নেমেছিলো প্রবল বসন্ত
সবুজ সবুজ স্বভূমি হেসেছিলো সোনালি গৌরবে।
প্রিয় নারী, তোমার স্পর্শেই আমার মুক্তি
আমাকে উদ্ধার করো ধ্বংস থেকে, পাপ থেকে, যুদ্ধ থেকে
প্রেমের শুশ্রূষা দিয়ে আমাকে জাগিয়ে তোল,
তোমার শৈল্পিক তাবিজে প্রেম-মন্ত্র ভরে ঝুলিয়ে দাও হাতের কব্জিতে,
সমস্ত বাধা সরিয়ে দাও আঙুলের নিপুণতায়
তোমাকে স্পর্শ করতে দাও পবিত্র মাটি ভেবে।
আমার সম্মুখে দু’দণ্ড স্থির হয়ে দাঁড়াও
ভেতরের সমস্ত কথাগুলি পাখির পালক হয়ে ছুঁয়ে যাক-
তোমার শিল্প-দীর্ঘ গোলাপ ছড়ানো ঠোঁটে,
তোমার সান্নিধ্যে ভাঙতে চাই
মানুষের প্রয়োজনে গড়া সময় ঘড়ি।
দেবী, তোমার গন্ধে শুদ্ধ হবো গভীর গোপনে
বুকের যতো তৃষ্ণা আছে ছুড়ে দেবো নষ্ট জলে,
সুখের শয্যায় জেগে থাকুক তোমার নিটোল অববয়
জেগে থাকো নারীরূপে—মাতৃরূপে।

