পশ্চাদপসরণ
অনিমেষ সিংহ
পিছনদিকে হাঁটলেই পড়ে যাবে, কে বলল?
পিছনে যে ভুলগুলো ছেড়ে এসেছো,
আজও তারা অপেক্ষা করে ফুল হয়ে ফোটার-
হাঁটা শুরু হোক,
পিছনদিকে–
পুকুরপাড়, আধফোটা প্রেম
সাঁতার এবং জলজ এডভেঞ্চারগুলো পড়ে আছে এখনো
শিউলি অথবা শিমূল, যার ভালোবাসা যে গাছের সাথে,
তাকে ঘিরে আছে আজও, দোলের আস্কারা!
বৃষ্টির ভেজা ঠোঁট!
ছুঁয়ে নিতে, চাঁদের নিশান, তোমাকে আসতে হবেই ঘাটে;
যেখানে অহরহ চাঁদ পড়ে,
যেখান থেকে জ্যোৎস্না ভেসে যায়..
পশ্চাদপসরণ মানেই, হেরে যাওয়া নয়।
ফেলে আসা পথে, এখনো নাচের ক্লাসে, ময়না পাখিটা আসে;
তার লেডিজ সাইকেল, রাধাচূড়া আর কৃষ্ণচূড়া হয়ে যায়
এখনও…


নিজেকে, এতো ভালো ভালো লেখার ভিতরে দেখাতেই সুখ—–
দারুন।নামের তাৎপর্য টা ভীষণ ভালো লাগল।
সুন্দর লেখা। পিছনে হাঁটা মানেই হেরে যাওয়া নয়। দারুণ।
পশ্চাদপসরণ মানে অনেক সময় আরও প্রবল বেগে এগিয়ে যাবার প্রস্তুতিও।