কবির বিদায়
কৌশিক বন্দ্যোপাধ্যায়
(কবি ও সাংবাদিক বিশ্বজিত রায় মধু-র স্মৃতিতে)
কথা দেওয়া ছিল দেখা হবে –
মেলার পৌষে নয়, নয় সে বসন্ত উত্সবে;
কেন্দ্রীয় গ্রন্থাগারে কিম্বা তরুতলে
ছায়া সুনিবিড় কোনো একান্তে অবকাশ হলে |
চায়ের পেয়ালা হাতে—স্বাদে সে কি স্মৃতির মদিরা ?
নিখাদ বন্ধুত্ব যেন জহুরির ‘কাঁচ কাটা হীরা’ !
কবির অসুখ এই মধুমাসে এলো সে বারতা –
শান্তিনিকেতন থেকে কলকাতা কানাকানি কথা !
তুমি থাকো রাঙামাটি, আমি থাকি মহানগরীতে ;
তুমি বলো দেখা হবে পার্বনে বসন্তে ও শীতে |
এমনই প্রতীক্ষায় পিছে ফেলে রেখে অকস্মাত
কোথায় উধাও হলে না দেখে বাড়ানো কতো হাত !
কতো স্মৃতি কতো গান কতো কথা ফেরে ভেসে ভেসে –
প্রবল স্রোতের বেগে দ্রুত আসে, ফেরে দূর দেশে |

