মূল্য
মুঠো ভর্তি দুধ সাদা ভাতের মতো
উড়ে গেল একদলা মেঘ, ভালোবাসা হয়ে,
তোমার আঁচলে বাঁধা পড়ল কাব্যিক অস্তিত্ব
আমরা আবার বুঁদ হলাম ভাতের গন্ধে!
অমল ও দইওয়ালার কথোপকথনের মাঝখানে
বারবার ডেকে ওঠে দইয়ের জননী, হাম্বা স্বরে;
পৃথিবীর পাতকের ইতিহাসে একমাত্র প্রেম –
গরম গরম ভাতের ধোঁয়া ওঠা গন্ধ!
নানা হাত ঘুরে আমারই সস্তার ভাত মহার্ঘ হয়ে
আমার দরজায় কড়া নেড়ে যায় ক্লান্তিহীন,
বিষন্নতায় ছেয়ে আছে যে বটগাছটার তলা
সেখানেই জমাট বেঁধে বাস করে নিরন্ন কীটপতঙ্গ!
সাদা ভাতের কথা লিখতে বসে
পরীক্ষকের হাতে তুলে দিই সাদা খাতা,
একটাও আঁকিবুঁকি কাটতে পারি নাই বলেই
হিসেবের খাতার ডান-বাম দিকে কেবল শূন্য জমা।
সোনালী ধানের সিঁথিতে তুলে আসি
আমার সিঁদুরের রঙিন বসন্ত, অপরাহ্নে;
তারপর মহাজনী কারবারে হাতফেরতা আত্মীয়তা
গরজের মূল্য চোকায় ন্যায্য দামে। হররোজ!


খুব ভালো।
দারুন হয়েছে।
সুন্দর লেখা।