সময়
রাশিদা তিথি
এমন প্লাবণ শেষ হয়ে যাক
ভেসে যেতে ভয়
বাঁধ দিতে দিতে বালুতে ভরেছি
এ নদীর বুক!
জলের ঘুর্ণি একদিন সব ছাপিয়ে যাবে
নদী ভেসে গেলে ক্রন্দন থাকে
বন্ধন ভেঙে প্রসারিত পথ
হারিয়ে যায় অদৃশ্যের বাঁকে !
জমানো বালুর সমাধির নিচে
অনাদরে বেষ্টিত জলধারা
বিস্মৃত সে-তো অনেক দিনের।
এখন এখানে শব্দেরা বোবা
কথার কাকলি ফুরিয়েছে কবে
মেলা শেষে চেনা আদল
অচেনা হয়ে যায় সাঁঝে।
সব হারানোর পথটা ডিঙিয়ে
বেশ তো ছিলাম
অস্তাচলের ফিকে রঙ মেখে।
মহাসাগরের কোলাহল মাঝে
সুপ্ত ঝর্ণার সুর কি বাজে?
ফিরিয়ে নাও জলের উল্লাস
বাইরে দাঁড়িয়ে সময় এখন।

