বাসন্তী আবেগ
প্রাণেশ পাল
তবুও সময়ের দ্রাঘিমায়
পর্যায়ক্রমে বসন্ত আসে
শুধুই বেড়ে যায় বট, পাকুরের বয়স
চৈতি হাওয়া জুড়ে স্মৃতিদের জীবাশ্ম
পত্রমোচনে ছেলেবেলার বিক্ষত ভালবাসা….
বিশ্বাস আর অবিশ্বাসের আবিল উন্মাদনা
অবিশ্বাসের ওজন ভারী হলে
ভালবাসার গুঁড়ো গুঁড়ো অস্তিত্ব
বাতাসের কলস্বনে ভেসে বেড়ায়….
কখনও দ্বিধাহীন ভাবে ঝড় আসে
উড়ে যায় অস্তিত্বহীন অক্ষর-বৃত্ত
মৃত পলাশে খুঁজে ফিরি
বাসন্তী আবেগ মেশা ভালবাসা !

