একটি বৃষ্টির কবিতার কথা ভেবে
গোবিন্দ মোদক
সামান্য বৃষ্টি হলে ভেজা মাটি সোঁদা গন্ধ ছড়ায়
ফুলেদের অভিমান ভাঙে
কিংবা অকারণে মাথা নাড়ে শিশুগাছ
কিন্তু বৃষ্টি নিবিড় হলে আবার অন্য গল্প
সোঁদা গন্ধ ছাপিয়েও তখন গাছেদের উল্লাস
আর প্রথম সমর্পণের অহেতুক কলকলানি।
তারপর, বৃষ্টি আর বৃষ্টি
থই থই কথকতা ঘোলা জলে, শস্যক্ষেত্রে
জলের নৃতের শব্দ, জলের রমণের শীৎকার,
জলের ঝগড়াঝাঁটি কিংবা দাম্পত্য অভিমান
ঝিলের জলে প্রতিটি জলবিন্দুর
মনোযোগী আবেশ। এ সব কিছু ছাপিয়েও
বাংরিপোসির অরণ্যে সন্ধ্যা নামে
লাভা-লোলেগাঁও জঙ্গলে নামে ঝিঁঝিঁ-গীতি
অথচ আমার তেমন কোনও বৃষ্টির কবিতা
স্মরণে নেই যাকে উৎসর্গ করতে পারি
কাজিরাঙার অভয়ারণ্যে!

