কবিতাঃ শিশির আজমের দুটি কবিতা

দাঁড়াও একটু সুস্থ হয়ে উঠি
তারপর তোমার প্রেমে পড়বো

টেবিলের ওপর দুটো আপেল
একটা খালি কফির কাপ

আপেল দেখছি ছুরি দেখতে পাচ্ছিনে
এটা তো আতঙ্কের ব্যাপার

কফির কাপ খালি
আর এটা আমিই শেষ করেছি

ফলে অস্বস্তির কিছু নেই
আমার দরকার কেবল সুস্থতা

আচ্ছা
যে অতিসাধারণ আর ছোটখাট বিষয়গুলোও
এখন আমার মনযোগ পাচ্ছে
এটা কী
এটা ভালোবাসা নয় তো

আমার স্ত্রী এখন তোমার বাড়িতে
তোমার টেলিফোনবিহীন হলুদ রঙের বাড়ি
আমি কিন্তু ওকে পাঠাইনি
না
ওকে আমি কোনদিন বলিইনি তুমি আমার বন্ধু
আর
মাথায় রেখো ও গেছে তোমার মাপ নিতে
এতোদিন
এক ছাদের নিচে
থেকে
আমাকে ঠিক বুঝে উঠতে পারেনি ও
অথবা ঐতিহ্যগতভাবে যে মানদন্ডটা ও পেয়েছে
আর সযত্নে লালন করেছ
সেটা আমার ওপর ঠিক কাজ করছে না
তুমি কি বুঝতে পারছো আমার সব উভলিঙ্গ গাছপালা
আর জ্যাক ডেনিয়েল
আর বইয়ের রেস্তোরা
এখন পাহারা দিচ্ছে সূর্য
আর তোমার বাড়িতে তো কোন বাটখারাও নেই যে
ওকে দেখাবে
কিন্তু সূর্যের আগুনে যদি ও ডুবে যেতে চায়
ডুবুক
বাঁধা দিও না
বাঁধা দিও না দোস্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *